১০ ই এপ্রিল, ২০২৬। রবিবার।

ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে গ্যাস স্টেশনে কর্মরত বাংলাদেশি নারী নিলুফা ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত রলবার্ট জোয়াচিন আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ হত্যাকাণ্ড ছিল পুরোপুরি পরিকল্পিত।
বুধবার অনুষ্ঠিত প্রি-ট্রায়াল শুনানিতে জোয়াচিন আদালতকে বলেন, তিনি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই ওই গ্যাস স্টেশনে গিয়েছিলেন এবং তার লক্ষ্য ছিল বাংলাদেশি নারী নিলুফা ইয়াসমিনকে হত্যা করা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জোয়াচিন বিস্তারিত স্বীকারোক্তি দিয়েছেন। তার ভাষ্যমতে, ঘটনার দুই দিন আগে ভুক্তভোগী তাকে যে পোশাকে দেখেছিলেন, হত্যার দিনও তিনি ইচ্ছাকৃতভাবে একই পোশাক পরেন, যাতে ইয়াসমিন সহজেই তাকে চিনতে পারেন। পরে তিনি পরিকল্পনা অনুযায়ী ইয়াসমিনের গাড়িতে হামলা চালান, যাতে তিনি বাইরে বেরিয়ে আসেন।
তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্যাস স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে জোয়াচিন ইয়াসমিনের গাড়ির উইন্ডশিল্ড ভেঙে ফেলেন। এরপর নিলুফা ইয়াসমিন বাইরে এলে তিনি তার কাছে গিয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগের ডিটেকটিভ লেইনর রদ্রিগেজ আদালতে হাজির হয়ে মামলার তদন্ত নিয়ে সাক্ষ্য দেন।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও তাদের পরিচিত ছিলেন। এছাড়া তিনি আরেকটি পৃথক মামলারও সন্দেহভাজন। সেই মামলাটিও বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে ওই বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম এখন আদালতের প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply