২৯শে মার্চ, ২০২৬। সোমবার ।

নিউইয়র্কের পরিচিত মুখ ও জনপ্রিয় সংগীতশিল্পী কামরুজ্জামান বকুলের কেবি মাল্টিমিডিয়া প্রোডাকশনের আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হলো ‘বসন্ত বাতাসে’ নামের বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা। গতকাল সন্ধ্যায় কুইন্সের কুইন্স প্যালেস পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেজেন্টস এই অনুষ্ঠানে শিল্পী কামরুজ্জামান বকুল নিজে গান পরিবেশন করেন। তার সঙ্গে আরও বেশ কয়েকজন পরিচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী মঞ্চে সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। একের পর এক গান, দর্শকের উচ্ছ্বাস, আর বসন্তকে ঘিরে উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, পেশাজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন একটি সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশি কমিউনিটির মধ্যে মিলনমেলা তৈরি করে বলে উপস্থিত অনেকেই মত প্রকাশ করেন।
শুধু গান নয়, পুরো অনুষ্ঠানজুড়েই ছিল সৌহার্দ্য, আনন্দ এবং কমিউনিটির মানুষের পারস্পরিক সম্প্রীতির এক সুন্দর প্রকাশ। বসন্তকে বরণ করে নেওয়ার এই আয়োজন প্রমাণ করেছে, প্রবাসে থেকেও বাংলা গান, বাংলা সংস্কৃতি এবং শেকড়ের সঙ্গে মানুষের টান এখনো অটুট।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শারমিনা সিরাজ সোনিয়া ও মিয়া মোহাম্মদ দুলাল। আয়োজক কামরুজ্জামান বকুল জানান, ভবিষ্যতেও প্রবাসে বাংলা সংস্কৃতিকে আরও শক্তভাবে তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘বসন্ত বাতাসে’ এখন শুধু একটি সংগীত অনুষ্ঠান নয়, বরং এক টুকরো দেশ, এক টুকরো স্মৃতি, আর মিলেমিশে থাকার এক আবেগঘন উপলক্ষ।

Leave a Reply