নিউইর্য়কে বাংলাদেশিদের বর্ণাঢ্য ‘চাঁদ রাত’ উদযাপন।

Screenshot

নিউইয়র্ক, কুইন্স: পবিত্র ঈদুল ফিতরের আগমনী আমেজে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এলাকায় বাংলাদেশী আমেরিকান কমিউনিটির উদ্যোগে বর্ণাঢ্য ‘চাঁদ রাত’ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ঈদের আগের আগের দিন আয়োজিত এ অনুষ্ঠানে সকাল থেকেই হাজার হাজার বাংলাদেশী কমিউনিটির মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হিলসাইড অ্যাভিনিউ ও ১৬৬ স্ট্রিট থেকে শুরু করে ১৭২ স্ট্রিট পর্যন্ত পুরো সড়কজুড়ে ছিল মানুষের উপচেপড়া ভিড়। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে বিপুল সংখ্যক মানুষ এ আয়োজনে অংশ নেন। প্রবাসের মাটিতে এমন মিলনমেলায় বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ যেন নতুন করে প্রাণ ফিরে পায়।

রাস্তার দুই ধারে বসেছিল নানা ধরনের অস্থায়ী স্টল। এসব স্টলে ছিল শিশুদের খেলনা, মেহেদী, পোশাক, ঈদসামগ্রী এবং নানান রকম মুখরোচক খাবার। কেনাকাটা, ঘোরাঘুরি, আড্ডা এবং ঈদকে ঘিরে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে পুরো এলাকাজুড়ে তৈরি হয় এক প্রাণচঞ্চল পরিবেশ। অনেকেই এটিকে প্রবাসী বাংলাদেশিদের এক বিশাল সামাজিক মিলনমেলা হিসেবে উল্লেখ করেন।

প্রচণ্ড শীত উপেক্ষা করেও কমিউনিটির মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজনে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় শিশুদের মধ্যে। নতুন পোশাক, খেলনা, মেহেদী আর উৎসবের আবহে তারা দিনভর আনন্দে মেতে থাকে। বড়রাও ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে আপনজনদের নিয়ে এই আনন্দঘন পরিবেশে শামিল হন।

সন্ধ্যার পর অনুষ্ঠানটি আরও জমে ওঠে বাংলা গানের আসরে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলা গান, উৎসবের আবহ এবং সামগ্রিক প্রাণবন্ত পরিবেশ পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলে। আয়োজকদের মতে, এমন আয়োজন শুধু উৎসব উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও কমিউনিটির বন্ধন তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

প্রবাসে থেকেও বাংলাদেশি সমাজ যে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবকে হৃদয়ে লালন করে চলেছে, জ্যামাইকার এই ‘চাঁদ রাত’ উদযাপন তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

Leave a Reply

Discover more from American Bangla

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading