ABCH গ্রুপের একটি ভিন্নধর্মী ইফতার পার্টি অনুষ্ঠিত

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের ২৬তম রোজা, ১৫ মার্চ ২০২৬ তারিখে কুইন্সের কুইন্স প‍্যালেস পার্টি হলে আমেরিকার বাংলাদেশি কমিউনিটির বৃহৎ অনলাইনভিত্তিক সংগঠন আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প- এবিসিএইস গ্রুপ-এর উদ্যোগে এ পটলাক ইফতারের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেন। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও তারা একত্রিত হয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি করেন। অংশগ্রহণকারীরা তাদের নিজেদের বাসা থেকে ছোলা, মুড়ি, বেগুনি, পিয়াঁজু, জিলাপি, পাকোড়া, নানা রকম ফল, চা, শরবত, খেজুর এবং মোরগ পোলাওসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নিয়ে আসেন। এসব খাবারের বেশিরভাগই ছিল তাদের নিজেদের হাতে তৈরি। পরে সবাই একসঙ্গে বসে সেই খাবার ভাগাভাগি করে ইফতার করেন।

ইফতার পার্টিতে উপস্থিত ABCH গ্রুপের সদস্যরা

এই আয়োজনের বিশেষত্ব ছিল, এখানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্পন্সর গ্রহণ করা হয়নি। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অবদানের মাধ্যমেই সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান। এ কারণে সেখানে কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথিও রাখা হয়নি। সবাই ছিলেন সমান মর্যাদার অংশগ্রহণকারী। ইফতার মাহফিলের ব্যানারে লেখা ছিল, “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।”

শুভেচ্ছা বক্তব্য প্রদান

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, যুক্তরাষ্ট্রে কোনো পার্টি হলে এর আগে এ ধরনের পটলাকভিত্তিক ইফতার আয়োজন খুব একটা দেখা যায়নি। তাই ব্যতিক্রমী এই উদ্যোগটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে এডমিন প্যানেলের পক্ষ থেকে তরিকুল ইসলাম মিঠু বলেন, ABCH গ্রুপ দীর্ঘদিন ধরে আমেরিকার বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছে। এই গ্রুপের সদস্যরা একে অপরকে সহযোগিতা করেন, পরামর্শ দেন এবং অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্তিশালী ও এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

দোয়া মাহফিল

জানা যায়, এই ইফতার আয়োজনের মূল ভাবনা ছিল মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার চেতনাকে সামনে নিয়ে আসা।

উপস্থিত অনেকের মতে, এই ব্যতিক্রমধর্মী পটলাক ইফতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্মান ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রবাসের মাটিতে এমন আন্তরিক আয়োজন ভবিষ্যতেও কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।

ABCHGroup #PotluckIftar #IftarMahfil #NewYorkBangladeshis #ইফতার #রমজান

Leave a Reply

Discover more from American Bangla

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading